ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও দৃশ্যমান করা এবং সাধারণ মানুষের মাঝে এর সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলাচলকারী অটোরিকশা, রিকশা ও সিএনজি চালিত যানবাহনের পেছনে গ্রাম আদালতের তথ্যসম্বলিত স্টিকার লাগানো হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের সেবা, কার্যক্রম ও সুবিধা সম্পর্কে সহজেই অবহিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি, গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির সুযোগ আরও বাড়বে।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ এবং কম খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। কিন্তু এখনও অনেক মানুষ এ সেবা সম্পর্কে পর্যাপ্তভাবে জানেন না। তাই জনগণের দোরগোড়ায় গ্রাম আদালতের তথ্য পৌঁছে দিতে এই প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রাম আদালতের সেবা গ্রহণ বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ সহজেই এই সেবা গ্রহণ করে স্থানীয় বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে উৎসাহিত হন।
মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি