নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
অভিযানকালে দেখা যায়, হাতিরদিয়া বাজারের টু স্টার লাইভ বেকারি-তে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির মালিককে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ দল।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়।
মোঃএমরুল ইসলাম