ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর অদূরে সাভার থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রাত ১টা ১০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার ভরারী দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকা থেকে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফাতেমা বেগম (৪৫) ও আসমা আক্তার (২৪)। প্রাথমিক তদন্তে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া ৪ বোতল ফেয়ারডিল (মোট ৪০০ মিলিলিটার), যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা, জব্দ করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ওষুধ, যা অপব্যবহারের মাধ্যমে মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ওষুধের অবৈধ বেচাকেনা ও অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি