গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত এক নারী কর্মীকে মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী শাহনাজ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ফোন করে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, হৃদয় মীর (পিতা: মোঃ নরুল ইসলাম, মাতা: মোছাঃ মরিয়ম, গ্রাম: চর পাড়াতলা, তালতলী বাজার, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ) এবং তার সহযোগীরা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে শাহনাজকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তিনি দাবি করেন।
বর্তমানে শাহনাজ গাজীপুরের মালেকের বাড়ি, উত্তরপাড়া, বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি জানান, এসব ঘটনার কারণে তিনি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত হৃদয় মীর ও তার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন, যাতে তিনি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করেন। তবে শাহনাজ জানান, তিনি ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হৃদয় মীরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
শাহনাজ আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পরও বিভিন্ন কৌশলে বন্ধু-বান্ধবের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তার সঙ্গে যে ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তিনি তুলেছেন, ভবিষ্যতে যেন কোনো নারীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।