মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম ওরফে ঘুটু (২৮) নামের এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার ও স্থানীয় এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের আশাদ মোড় হাটে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী পাতা খেলা উপলক্ষে একটি নতুন সাপ ধরে প্রশিক্ষণের চেষ্টা করছিলেন আজাদুল। সে সময়ই হঠাৎ বিষধর সাপটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাপের কামড়ের পর তাকে আধুনিক হাসপাতালে না নিয়ে রাজাবিরাট এলাকার শিবসমুদ্র গ্রামের এক ওঝার বাড়িতে নিয়ে যান স্বজনরা। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
এদিকে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে এ ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ওপর জোর দিয়েছেন সচেতন মহল। তরুণ এই সাপুড়িয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ এনামুল হক