মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবলুল হাসান (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা চত্বর এলাকা থেকে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত শিবলুল হাসান পৌর শহরের জোনাইল পূজা ঘাঁটি এলাকার মৃত জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক স্কুলজীবন থেকেই তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে একজন নিয়মিত ক্রিকেটার ও ফুটবলার হিসেবে পরিচিত।
শিবলুলের পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগের বিষয়টি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশও করেছিলেন। তবে পুলিশ সূত্রে জানা গেছে, পদত্যাগের পক্ষে কোনো দাপ্তরিক বা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, “নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
মোঃ আলমগীর হোসাইন