শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পুলিশের এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চক্রটির আরও দুই সদস্য।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর সার্বিক নির্দেশনায় সোমবার শিবচর থানা পুলিশ উপজেলার ডি.সি রোড সংলগ্ন পশু হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, শিবচর এলাকার আনু বেগম (৬০), স্বামী: জালাল কাজী এবং জান্নাত আক্তার (৩৫), স্বামী: খোকন বেপারী। অন্যদিকে, পালিয়ে যাওয়া দুই সদস্য হলেন জালাল কাজী (৬০) ও খোকন বেপারী (৪০)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা প্রত্যেকেই পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, শিবচর থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মুহিদ মোরশেদ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পশু হাসপাতালের সন্নিকটে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যবসায়ী অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৩ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী জালাল ও খোকন সটকে পড়ে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ শামীম আহমেদ