পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাবনা সদর উপজেলার পাটকিয়াবাড়ি ও কবিরপুর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া, পূর্ব নুরমহল্লা ও দরি নারিচা এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে পাঁচজন মাদকসেবীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ (৩৬), পাটকিয়াবাড়ি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে শামীম আলী (৩৬), ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. আব্দুল রশিদ (৩৬), একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. হারুন অর রশিদ (৩৮) এবং পূর্ব নুরমহল্লা এলাকার তোরাব উদ্দিন শেখের ছেলে মো. রিপন (৩৯)।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক সোহান, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মোট ৯ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ফজলুল কবির