আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা–শরীয়তপুর–ভেদরগঞ্জ–ডামুড্যা–গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা পর্যন্ত নতুন রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়কে শরীয়তপুর হয়ে বরিশালের হিজলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি আশা প্রকাশ করেন, সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত রেললাইন বাস্তবায়িত হলে শরীয়তপুর জেলার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, পর্যটন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলেও তারা মনে করছেন।
এদিকে, সম্ভাব্য রেললাইন নির্মাণের খবরে শরীয়তপুরবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নিতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
আল আমীন সরদার