নরসিংদী মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল-জিহান-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে মনোহরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানান।
এ সময় বক্তারা বলেন, মনোহরদীতে দায়িত্ব পালনকালে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহান প্রশাসনিক দক্ষতা, সততা, জনবান্ধব কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও মানবিক আচরণ মনোহরদীবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক হয়েছে। তিনি মনোহরদীবাসীর অব্যাহত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল, সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজন বর্মনসহ উভয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং মনোহরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মোঃএমরুল ইসলাম