সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, জুলাই সনদ বাস্তবায়নে অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৭ pm
বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, জুলাই সনদ বাস্তবায়নে অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

তানিয়া আক্তার ফারজানা

বিরোধী দলের একটি অংশ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব প্রচারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি মহল এমনভাবে প্রচার করছে যেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, দলটি যে অঙ্গীকারে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, “জুলাই ঘোষণার প্রতিটি অংশ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে।”

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংসদে ইতোমধ্যে একটি সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় সংস্কার ও আইনগত পরিবর্তন সংসদের মাধ্যমেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব। তিনি বলেন, সংসদই এসব বিষয়ে আলোচনার সর্বোত্তম জায়গা। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার রাজনৈতিক সংকট মোকাবিলা, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দলগুলোকেও সঙ্গে নিয়ে এগোতে চায়। এজন্য তিনি সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সরকারের সময়কাল প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এখনো মাত্র পাঁচ মাসের কিছু বেশি সময় পার হয়েছে। এত অল্প সময়ে দীর্ঘদিনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে এবং বিভিন্ন খাতে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা বিভ্রান্তিমূলক প্রচারণার পরিবর্তে জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনা সভায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ সাংবাদিক নেতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজনৈতিক মতভেদ দূর করে আলোচনার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!