ঢাকার সাভারে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৪। জব্দকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা। তবে অভিযান চলাকালে প্রধান দুই মাদক কারবারি আরিফ ও শিমুলসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাভার থানার রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশের ফুটপাতে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির জন্য অবস্থান করছে। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে হানা দেয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা চার থেকে পাঁচজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪০.৫ কেজি গাঁজা।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, পলাতক আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে তারা সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১৪, তারিখ ২ আগস্ট ২০২৬।
র্যাব জানিয়েছে, পলাতক আসামি আরিফ, শিমুল ও তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
মোঃ শিহাব উদ্দিন শেখ