সোমবার, ০৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা, আ.লীগের সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৯ pm
 ৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা, আ.লীগের সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তানিয়া আক্তার ফারজানা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন এমন কোনো সাংগঠনিক সক্ষমতা বা শক্তি নেই, যাতে তারা বড় ধরনের তৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। তবুও যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্টের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝে মাঝে বিদেশ থেকে বিভিন্ন প্রচারণা চালানোর চেষ্টা করলেও দেশের ভেতরে তাদের কার্যকর কোনো সাংগঠনিক তৎপরতা নেই। নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে এবং যেকোনো ধরনের নাশকতার আশঙ্কা মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে দ্রুত ওই জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি আরও জানান, বেনজীর শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন এবং তাঁর কাছে অন্য একটি দেশের পাসপোর্টও রয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

উগ্রবাদ দমনের প্রসঙ্গে তিনি বলেন, অতীতের তুলনায় দেশে উগ্রবাদী তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও উগ্রবাদ ও মৌলবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শান্তি, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। ৫ আগস্টকে ঘিরে জনগণকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!