মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৮ pm
ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

তানিয়া আক্তার ফারজানা

হলিউডের সুপারহিরো সিনেমার জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার সেই জনপ্রিয়তা ভারতের বক্স অফিসে ইতিহাস গড়েছে। মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের বহুল প্রতীক্ষিত ‘Spider-Man: Brand New Day’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই ভারতে ৩০০ কোটির রুপির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে। এর মধ্য দিয়ে এটি ভারতের বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে ৩০০ কোটির বেশি আয় করা প্রথম হলিউড সিনেমা হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ডাব সংস্করণে একযোগে মুক্তি পাওয়ায় ছবিটি ভারতের বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে হিন্দি সংস্করণে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি ছিল, যা বক্স অফিস আয়ে বড় ভূমিকা রেখেছে। ছবিতে পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। নতুন এই কিস্তিতে আরও রয়েছেন স্যাডি সিঙ্ক, যাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

মুক্তির পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। আন্তর্জাতিক বাজার মিলিয়ে উদ্বোধনী সপ্তাহান্তে প্রায় ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এটি হলিউড ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড গড়েছে। কেবল যুক্তরাষ্ট্রেই ছবিটির উদ্বোধনী আয় ৩৫৫ মিলিয়ন ডলার, যা ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের মধ্যে অন্যতম।

ভারতের সিনেমা হল গুলোতেও মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। বড় শহরের পাশাপাশি ছোট শহরেও একাধিক শো হাউসফুল হওয়ায় অতিরিক্ত প্রদর্শনীর ব্যবস্থা করতে হয়েছে। বুকিং প্ল্যাটফর্ম গুলোতেও টিকিট বিক্রির গতি ছিল নজরকাড়া। চলচ্চিত্র ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছরে ভারতের বাজারে হলিউডের অনেক সিনেমাই ভালো ব্যবসা করেছে। তবে ‘Spider-Man: Brand New Day’ যে গতিতে আয় করছে, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে আবারও প্রমাণ হলো, বড় বাজেটের সুপারহিরো সিনেমার প্রতি ভারতীয় দর্শকের আগ্রহ এখনো অটুট।

সমালোচকদের মতে, ছবিটির সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী গল্প, উন্নত ভিজ্যুয়াল এফেক্ট, আবেগঘন উপস্থাপনা এবং টম হল্যান্ডের অভিনয়। মুক্তির পর বিভিন্ন আন্তর্জাতিক রিভিউ প্ল্যাটফর্মেও ছবিটি ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতি অব্যাহত থাকলে খুব দ্রুতই ছবিটি এক বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। একই সঙ্গে ভারতের বাজারেও এটি আরও নতুন রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!