প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা যুগ যুগ ধরে ভয়াবহ নদীভাঙনের শিকার। মেঘনা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগের অভাবে প্রতি বছরই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। অনেক পরিবার একাধিকবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এতে তাদের জীবন-জীবিকা, শিক্ষা ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ভুক্তভোগীরা জানান, স্থায়ী নদীশাসন, টেকসই বাঁধ নির্মাণ এবং দ্রুত ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, মেহেন্দিগঞ্জের নদীভাঙন পরিস্থিতি তাদের নজরে রয়েছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় সমীক্ষা ও যাচাই-বাছাই করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করা হবে।
মোঃ সৌরভ হোসেন