শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ আঞ্চলিক নেতাদের কথা বিবেচনা করে এবং কূটনীতিকে আরও একটি সুযোগ দিতে তিনি এই স্থগিতাদেশ দিয়েছেন।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের মধ্যে ফোনালাপের পর মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে, সোমবার থেকে ইরানের সাথে নতুন দফার আলোচনা শুরু হবে। এই আলোচনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে, ওমানের মধ্য দিয়ে প্রণালীর বিকল্প পথ নিয়ে একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান। তবে সংকটের এই নতুন কূটনৈতিক মোড় নেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং এশীয় বাণিজ্যের শুরুতে তেলের দাম কিছুটা কমে এসেছে।
শাওন হোসেন