প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রায় সাড়ে ৪ লাখ মানুষের এই উপজেলায় প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে চরম চাপ সামলাতে হচ্ছে মাত্র ৪ জন চিকিৎসককে।সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, অফিস সময় থেকে দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসাসেবা নিয়েছেন ৫৪৭ জন রোগী। বিপুলসংখ্যক রোগীকে মাত্র ৪ জন চিকিৎসক চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন। ৫০ শয্যার হাসপাতালে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে দেখা গেছে।হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্যে হামে আক্রান্ত শিশুর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। হাসপাতালকে দালালমুক্ত রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ডজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, নতুন চিকিৎসক পদায়ন হলেও দুই থেকে ছয় মাসের মধ্যেই প্রেষণ বা বদলির মাধ্যমে অন্যত্র চলে যান। ফলে দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট কাটছে না।এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান বলেন, হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় ভর্তি ও বহির্বিভাগের রোগীর সংখ্যা অনেক বেশি। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও সর্বোচ্চ চেষ্টা করে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা হচ্ছে। তিনি আরও জানান, বহির্বিভাগে টিকিট কেটে সেবা নেওয়া রোগীদের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ টাকার সরকারি ওষুধ বিতরণ করা হচ্ছে।
মোঃ সৌরভ হোসেন