রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁ–নাটোর মহাসড়কে বাড়ছে পুলিশের টহল, ফিরছে রাতের যাতায়াতে স্বস্তি

Author
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ pm
নওগাঁ–নাটোর মহাসড়কে বাড়ছে পুলিশের টহল, ফিরছে রাতের যাতায়াতে স্বস্তি

সাম্প্রতিক সময়ে নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতির একাধিক ঘটনার পর রাতের যাতায়াত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে দূরপাল্লার ট্রাক, বাস, ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যেও নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

বর্তমান পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমে তাদের মধ্যে আগের তুলনায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে। গভীর রাত পর্যন্ত চলা এ টহল ও চেকপোস্ট ট্রাক, বাস, ও অন্যান্য যানবাহন থামিয়ে প্রয়োজনীয় তল্লাশি চালানো হয়। পাশাপাশি চালক ও যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নিবিড় নজরদারি করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা চলাচলকারী যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করছেন।

মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন চালকদের সঙ্গে কথা হলে তারা জানান, সাম্প্রতিক ছিনতাই ও ডাকাতির ঘটনাগুলোর পর গভীর রাতে এই সড়কে চলাচল করতে তাদের মধ্যে আতঙ্ক কাজ করত। বিশেষ করে নির্জন এলাকাগুলো অতিক্রম করার সময় তারা অতিরিক্ত সতর্ক থাকতেন।

একাধিক চালক বলেন, পুলিশের দৃশ্যমান টহল ও নিয়মিত চেকপোস্ট পরিচালনার ফলে এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ অনুভব করছেন তারা। তাদের ভাষায়, "রাতে মহাসড়কে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখলে সাহস পাই। মনে হয় কোনো সমস্যা হলে দ্রুত সহায়তা পাওয়া যাবে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ আরও কমে আসবে।"

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ।

চালকদের প্রত্যাশা, পুলিশের এ ধরনের দৃশ্যমান তৎপরতা ধারাবাহিকভাবে বজায় থাকলে নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়কে রাতের যাতায়াত আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!