ঢাকা জেলার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জন করে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানার খাগান দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) এবং মো. রবিয়াস মিয়া ওরফে রুবেল (২৮)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ৩ আগস্ট দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মতিউর রহমান। এ সময় মো. কাজিম উদ্দিন (৪৫) নামে আরেক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কাজিম উদ্দিনের কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত কাজিম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি