মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৭০ বছরে ‘মুখ ও মুখোশ’: যে চলচ্চিত্রের হাত ধরে শুরু হয়েছিল দেশের চলচ্চিত্রের নতুন অধ্যায়

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ am
৭০ বছরে ‘মুখ ও মুখোশ’: যে চলচ্চিত্রের হাত ধরে শুরু হয়েছিল দেশের চলচ্চিত্রের নতুন অধ্যায়

তানিয়া আক্তার ফারজানা

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। আজ থেকে ৭০ বছর আগে, ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এই চলচ্চিত্রের মাধ্যমেই তৎকালীন পূর্ব পাকিস্তানে স্থানীয়ভাবে বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাণের নতুন যুগের সূচনা হয়। পরবর্তী সময়ে এই ধারাবাহিকতার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে দেশের চলচ্চিত্র শিল্প, যা আজ ‘ঢালিউড’ নামে পরিচিত। চলচ্চিত্রটি নির্মাণ ও পরিচালনা করেন আবদুল জব্বার খান। সে সময় দেশে আধুনিক স্টুডিও, উন্নত ক্যামেরা, প্রশিক্ষিত কলাকুশলী কিংবা পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা ছিল না। নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশীয় উদ্যোগে নির্মিত এই সিনেমা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে এবং বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাণে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করে।

‘মুখ ও মুখোশ’ মুক্তির ৭০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্র ভিত্তিক আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও গবেষকেরা এই দিনটিকে দেশের চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন আয়োজনে চলচ্চিত্রটির নির্মাণ ইতিহাস, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বাংলা চলচ্চিত্রের বিকাশে এর অবদানের কথা তুলে ধরা হয়।

চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, একটি মাত্র চলচ্চিত্র থেকেই শুরু হয়েছিল দীর্ঘ এক যাত্রা। সেই যাত্রায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী সিনেমা এবং আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন করেছে স্বীকৃতি। তবে একই সঙ্গে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়া, বিনিয়োগ সংকট, পাইরেসি এবং দর্শক টানার চ্যালেঞ্জের মতো নানা সমস্যার কথাও তুলে ধরেন তারা।

চলচ্চিত্র বোদ্ধাদের মতে, নতুন প্রজন্মের কাছে দেশের চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরা এবং ‘মুখ ও মুখোশ’-এর মতো ঐতিহাসিক চলচ্চিত্র সংরক্ষণ করা সময়ের দাবি। তারা মনে করেন, অতীতের এই ঐতিহ্যকে ধারণ করেই আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আরও এগিয়ে যেতে পারে। দেশের চলচ্চিত্রের ইতিহাসে ‘মুখ ও মুখোশ’ শুধু প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্রই নয়; এটি বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়, সাহস এবং সৃজনশীলতার এক অনন্য প্রতীক। সাত দশক পরও চলচ্চিত্রটি দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে গর্ব, অনুপ্রেরণা ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!