জোড়া বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার: চৌকস অভিযানের স্বীকৃতিস্বরূপ সদর থানার ওসি আমিনুল ইসলাম ও টিমকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন সদর থানার এক সাহসী ও সফল অভিযানে জোড়া বিদেশি পিস্তল এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং তার দক্ষ ও চৌকস টিমকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার।
সম্প্রতি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কমিশনার সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানা পুলিশের ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় একটি সফল অভিযানে জোড়া বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অস্ত্র উদ্ধারের এই ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওসি মোঃ আমিনুল ইসলাম সদর থানায় যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে বহু অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
সদর থানা পুলিশের সাম্প্রতিক বিভিন্ন অভিযানে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করার মতো উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানের ফলে গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনারের এই পুরস্কার সদর থানা পুলিশের সদস্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদর থানা পুলিশ একইভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে গাজীপুর মহানগরে শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।
ছবিঃ জোড়া বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় বিশেষ অবদানের জন্য গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের পুরস্কার প্রদান করছেন মাননীয় পুলিশ কমিশনার।
মোঃ ফরিদ হোসেন