নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও এম. এ. মুহাইমিন আল জিহান দায়িত্ব পালনকালে শিক্ষা, প্রশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সততা, আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, একজন মানবিক, কর্মনিষ্ঠ ও দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি শিক্ষক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা মনোহরদীবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। জবাবে এম. এ. মুহাইমিন আল জিহান মনোহরদীতে কর্মরত অবস্থায় শিক্ষা পরিবারসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মনোহরদীর মানুষের ভালোবাসা ও স্মৃতি তিনি আজীবন হৃদয়ে ধারণ করবেন এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠানটি আন্তরিক ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ বিদায়ী ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মোঃএমরুল ইসলাম