মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক দোকানদারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমরীতলা এলাকার বটতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
স্থানীয় ও অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকানদার দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪০ ধারায় ওই দোকানদারকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর অভিযুক্ত তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, পেট্রোল ও অকটেনসহ যেকোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়, তবে সাধারণ মানুষের স্বার্থরক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আলমগীর হোসাইন