নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়া গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি। শনিবার দুপুরে ওই রাস্তার ওপর থাকা একটি গাছ কাটতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত জীবন মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মোঃএমরুল ইসলাম