জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাভারে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’। ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের পাশাপাশি সাভারে নিহতদের স্মরণে সংরক্ষিত দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
শনিবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং প্রদর্শিত আলোকচিত্রগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তারা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দৃশ্য, সাধারণ মানুষের অংশগ্রহণ, সাহসিকতা, প্রতিবাদ এবং আত্মত্যাগের নানা মুহূর্তের ছবি পরিদর্শন করেন। বিশেষভাবে সাভারে নিহতদের স্মরণে সাজানো আলোকচিত্র কর্নার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকদের ভাষ্য, ‘জুলাইয়ের লেন্স’ কেবল একটি আলোকচিত্র প্রদর্শনী নয়; এটি ইতিহাস সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। বাস্তব ঘটনার আলোকচিত্র সময়ের সাক্ষ্য বহন করে এবং ইতিহাসকে জীবন্ত করে তোলে। সে কারণেই আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ছবির মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
দর্শনার্থীরা জানান, প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি আলোকচিত্র একটি সময়ের দলিল। এসব ছবি শুধু আন্দোলনের ঘটনাপ্রবাহই তুলে ধরে না, বরং শহীদদের আত্মত্যাগ, মানুষের সাহস এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের কথাও স্মরণ করিয়ে দেয়। তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।
আয়োজকরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও ইতিহাসভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে। প্রদর্শনীটি নির্ধারিত সময় পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে তারা জানান।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি