মোঃ মোশফিকুর রহমান স্বপন
সুনামগঞ্জ:
সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি আমিরুল হক (২৪)-কে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিরুল হক সদর উপজেলার বিরামপুর এলাকার রমজান আলীর ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শন করছিল। গত ২৪ জুলাই রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা আমিরুল হক তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-৯ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রতিনিধি