তানিয়া আক্তার ফারজানা
বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA)। বিশ্বজুড়ে ফুটবল সংস্থা, সদস্য দেশ এবং ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের তীব্র বিরোধিতার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) এই সিদ্ধান্ত নেন। ফিফার পরিকল্পনা ছিল 'FIFA Forward Enterprise (FFE)' নামে একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর ২০ শতাংশের বেশি অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। নতুন ইউনিটটি বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্ট গুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত।
তবে পরিকল্পনাটি প্রকাশের পরই উয়েফা (UEFA), এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) এবং কনকাকাফ (CONCACAF)-এর তীব্র আপত্তির মুখে পড়ে ফিফা। উয়েফা প্রয়োজনে ফিফার প্রতিযোগিতা বয়কটেরও সতর্কতা দেয়। সমালোচনার মুখে ইনফান্তিনো বলেন, সব পক্ষের মতামত বিবেচনা করে পরিকল্পনাটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর ভাষায়, ফুটবলের মূল লক্ষ্য ঐক্য সৃষ্টি করা, বিভাজন নয়।
পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এএফসি। সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেন, বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ফিফা কাউন্সিল, আঞ্চলিক কনফেডারেশন, সদস্য দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সময়োপযোগী, স্বচ্ছ ও অর্থবহ আলোচনা করতে হবে।
এএফসি আরও জানায়, বিশ্বকাপ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর, তাই এর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত যেন শুধু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, ফুটবলের ঐতিহ্য, সুশাসন ও বৈশ্বিক স্বার্থকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়।
এদিকে এই বিতর্কের জেরে ফিফার অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়েছে। সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো (Carlos Cordeiro) পদত্যাগ করেছেন। পাশাপাশি প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর (Kevin Lamour) পরিকল্পনাটিকে "একজন ব্যক্তির প্রকল্প" বলে সমালোচনা করেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনায় স্পষ্ট হয়েছে যে বিশ্বকাপ শুধু একটি বাণিজ্যিক সম্পদ নয়; এটি বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক। তাই ভবিষ্যতে ফিফাকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত গ্রহণের পথেই এগোতে হবে।
তানিয়া আক্তার ফারজানা