পাবনায় এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, পাবনা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় প্রবেশ করে অভিযুক্তরা। এ সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন অভিযুক্ত জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করে। একই সময়ে অপর দুইজন ওই ঘটনার ভিডিও ধারণ করে।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর মায়ের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী পাবনা সদর থানায় মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাহামুদুল হাসান নাছিম (২৩), মো. সাকিব হোসেন (২১) এবং মো. তারেক রহমান (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রযোজ্য ধারায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ফজলুল কবির