শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩০০ ট্যাপেন্টাডল

এইচ এম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ pm
সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩০০ ট্যাপেন্টাডল
৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাভার থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকা থেকে মো. সুমন মিয়া ওরফে বাবু (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়ার পিতার নাম মো. মঞ্জু মিয়া। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাকরাপালি বটতলী (গুচ্ছগ্রাম) এলাকায় এবং বর্তমানে তিনি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৯০ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!