শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ am
নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তানিয়া আক্তার ফারজানা

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় জনগণের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সরকারি সূত্র জানায়, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উচ্চ শব্দে গান বাজানো ও ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। পরে পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ অমান্য করে বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সহিংসতার পর সুনসারি ও আশপাশের জেলাগুলোতে অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীর প্রতি শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, সবাই মিলে অশান্তির মেঘ দূর করি। ধৈর্য ও সংযম বজায় রেখে দেশে শান্তি ও ভ্রাতৃত্ব রক্ষা করি।”

এদিকে পুলিশের মুখপাত্র জানান, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম বল প্রয়োগের নীতি অনুসরণ করা হচ্ছে এবং নতুন করে সংঘাত এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দুধর্মাবলম্বী। তবে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষের পর সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!