পাবনায় অপহরণের শিকার এক নাবালককে দ্রুত অভিযানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই অভিযানে মুক্তিপণের দাবিতে অপহরণের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পাবনা সদর থানার যৌথ অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোর ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২১৪) করেন তার পরিবার।
এরই মধ্যে ২৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ভিকটিমকে বাড়িতে ফিরিয়ে আনার পথে পাবনা সদর থানার দিলালপুর বেলতলা রোডে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
- মো. আফনান আহম্মেদ আবির (২১), পিতা: মৃত ইমরান হোসেন, সাং- দিলালপুর কফিলউদ্দিনপাড়া, ওয়ার্ড-৩, পাবনা পৌরসভা।
- মো. নাজমুস সাদাত নাফি (১৯), পিতা: মো. শরিফুল ইসলাম, সাং- শালগাড়িয়া, মালিগাছা, ওয়ার্ড-৭, পাবনা সদর।
- মো. সানজিদ হাসান সুপ্ত (১৯), পিতা: মো. নুরুল ইসলাম, সাং- দুর্গাপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা।
- মো. রাকিব হোসেন (১৯), পিতা: মো. লোকমান হোসেন, সাং- দিলালপুর কফিলউদ্দিনপাড়া, ওয়ার্ড-৪, পাবনা পৌরসভা।
- মো. বিশাল শেখ সাদ (২২), পিতা: মো. উজ্জ্বল শেখ, সাং- দিলালপুর, ফায়ার সার্ভিসের পিছনে, ওয়ার্ড-৩, পাবনা পৌরসভা।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আকাশ (২৩) ও মো. সাদ (২৪)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।
এ ঘটনায় উদ্ধার হওয়া কিশোরের মা রিতা রাণী দাস রায় পাবনা সদর থানায় অপহরণ, মুক্তিপণ দাবি এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, অপরাধ দমন, অপহরণ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।
ফজলুল কবির