বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ব্যক্তিগত অর্থায়নে গাজী কান্দিতে কাঠের সেতু নির্মাণ, দুর্ভোগ কাটিয়ে স্বস্তিতে এলাকাবাসী

আল আমীন সরদার আল আমীন সরদার
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯ pm
২০
ব্যক্তিগত অর্থায়নে গাজী কান্দিতে কাঠের সেতু নির্মাণ, দুর্ভোগ কাটিয়ে স্বস্তিতে এলাকাবাসী

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি. এম. খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দি এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একটি কাঠের সেতু (পুল) নির্মাণ করা হয়েছে।

সমাজসেবক রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ সেতুটি চালু হওয়ার পর স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী কান্দি এলাকার খালের ওপর দীর্ঘদিন ধরে নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। ফলে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পার হতে হতো।

বর্ষা মৌসুমে খালটি পানিতে পরিপূর্ণ হয়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও সেখানে কোনো সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সমাজসেবক রাশেদ ছৈয়াল নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসী নিরাপদে চলাচল শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই সেতুর মাধ্যমে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। তারা রাশেদ ছৈয়ালের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর অংশগ্রহণ প্রত্যাশা করেন।

স্থানীয়দের ভাষ্য, জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাশেদ ছৈয়াল যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি ডি. এম. খালী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

এ বিষয়ে রাশেদ ছৈয়াল বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। গাজী কান্দির মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে এই কাঠের সেতু নির্মাণ করেছি। এটি কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস।”

তিনি আরও বলেন, “ডি. এম. খালী ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, সাধ্যমতো সেখানে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

উল্লেখ্য, আসন্ন ডি. এম. খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের একাংশ রাশেদ ছৈয়ালকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য পাওয়া যায়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!