সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাঠগড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তনবিষয়ক বিতর্ক, দেওয়াল লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পের আওতায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “গাছ লাগান, পরিবেশ বাঁচান”। বিতর্কের বিষয় ছিল “জলবায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধিই অধিক কার্যকর।”
মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ আবু সাঈদ মোল্লা।
এ সময় সহ-সুপার রেজাউল করিম,সহকারী মৌলভী গোলাম সরওয়ার, এরশাদ আলী,মাওঃ শফি উদ্দিন,রাসেল মিয়া,শিক্ষিকা নার্গিস আক্তার সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ সোহেল রানা শিবগঞ্জ বগুড়া