নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪১) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আ.ত.ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা দেন ইউসুফ। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান।
এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে দ্রুতগতিতে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ বর্তমানে নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
আব্দুল্লাহ আল মাহীদ