বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হসপিটাল বন্ধ ঘোষণা

মোঃ রুবেল রানা মোঃ রুবেল রানা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৪ pm
স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রাইভেট হসপিটাল বন্ধ ঘোষণা

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অভিযানে অনিয়ম ও লাইসেন্স (সনদ) নবায়ন না থাকায় গাংনী শহরের হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম এবং মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানের লাইসেন্স (সনদ) নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীরা সেটি বন্ধ করে সেখান থেকে চলে যান। পরে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

এদিকে, মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির অন্যান্য সাধারণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম এবং মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দীন এবং গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!