বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভাইরাল হাসির আড়ালের বেদনা জানলেন প্রধানমন্ত্রী, তাহসিনকে দিলেন স্বপ্ন ছোঁয়ার অনুপ্রেরণা

তানিয়া আক্তার ফারজানা তানিয়া আক্তার ফারজানা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ pm
ভাইরাল হাসির আড়ালের বেদনা জানলেন প্রধানমন্ত্রী, তাহসিনকে দিলেন স্বপ্ন ছোঁয়ার অনুপ্রেরণা

তানিয়া আক্তার ফারজানা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক শিশুর হাসির ছবির আড়ালে লুকিয়ে থাকা হৃদয়বিদারক গল্প জানার পর তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহসিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তাহসিন সেই শিক্ষার্থী, যার হাসিমাখা ছবি সম্প্রতি ‘নতুন কুঁড়ি ক্রীড়া ২০২৫–২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে অনেকের অজানা ছিল, সেই হাসির পেছনে লুকিয়ে আছে গভীর শোকের গল্প। গত বছরের জুলাই মাসে মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিজের বড় বোন তাসনিয়াকে হারিয়েছিল তাহসিন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন জানান, তাহসিনকে আগে থেকে জানানো হয়নি যে সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। সচিবালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেই সে এই বিশেষ সাক্ষাতের বিষয়টি জানতে পারে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তার খোঁজখবর নেন এবং জীবনের সব প্রতিকূলতা জয় করে নিজের স্বপ্ন পূরণের জন্য তাকে উৎসাহ দেন। এ সময় তিনি তাহসিনকে একটি ড্রোন সেট, একটি বাস্কেটবল এবং নিজের স্বাক্ষরযুক্ত একটি ফুটবল উপহার দেন।

প্রধানমন্ত্রী বলেন, জীবনের কঠিন সময়কে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। মনোবল ও অধ্যবসায় থাকলে ভবিষ্যতে সে দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই মানবিক সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, শোকাহত একটি শিশুর পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে স্বপ্ন দেখানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

উল্লেখ্য, গত বছরের মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারান। সেই দুর্ঘটনায় বড় বোনকে হারালেও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখায় তাহসিনের হাসিমাখা ছবি দেশজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!