শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদের তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টার পর কড়া জবাব দিয়েছে রিয়াদ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ভোরে জানিয়েছে, ইরাকে ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, সৌদি আরব অহেতুক পরিস্থিতি জটিল বা উত্তপ্ত করতে চায় না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি পূর্বাঞ্চলের পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার কথা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি এই সন্ত্রাসী হামলাগুলোকে ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব হামলা ইরান-সমর্থিত মিলিশিয়াদের মাধ্যমেই সংঘটিত হয়েছে। পাশাপাশি, রাজ্যের আত্মরক্ষা, নিজস্ব সম্পদ রক্ষা এবং উপযুক্ত সময়ে ও স্থানে এই উসকানিমূলক কাজের জবাব দেওয়ার সহজাত অধিকারের কথা পুনরায় পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, যখন সৌদি আরব নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখে পুরো অঞ্চলে উত্তেজনা প্রশমিত করার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরাকের এই মিলিশিয়ারা এমন আগ্রাসী পথ বেছে নিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান-সমর্থিত এই সন্ত্রাসী মিলিশিয়ারা দায়িত্বজ্ঞানহীনভাবে পরিস্থিতি উত্তপ্ত করার রাস্তা বেছে নিয়েছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি ইসলামী ভ্রাতৃত্বের দাবিকেও পুরোপুরি উপেক্ষা করেছে।
উল্লেখ্য, এর আগে সোমবারও ইরাক থেকে উৎক্ষেপিত বেশ কিছু ড্রোন আকাশেই প্রতিহত করা হয়, যা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের তেল স্থাপনাগুলোকে টার্গেট করেছিল।
অন্যদিকে, ইরাকে ইরানপন্থী সাবেক আধাসামরিক বাহিনীর জোট—পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ (যা আরবিতে ‘হাশেদ আল-শাবি নামে পরিচিত) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশটিতে চালানো এই মার্কিন-সৌদি যৌথ হামলায় তাদের বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন। একইসঙ্গে হামলায় কয়েকটি ভবন ও সম্পত্তির ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।
শাওন হোসেন