মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯ pm
প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

নুরুল আলম সিকদার 
কক্সবাজার জেলা প্রতিনিধি 

 কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)কে আটক করা হয়। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!