রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৯ নম্বর বল্লা ইউনিয়নের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের রামপুর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পুলিশ ও জনগণের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ৯ নম্বর বল্লা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিনিধি