আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে কোনো ধরনের বৈধ ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে পশু চিকিৎসা করার অভিযোগে ইলিয়াস (পূর্ণ পরিচয় জানা যায়নি) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় ভেটেরিনারি ডিগ্রি, নিবন্ধন বা আইনগত অনুমোদন ছাড়াই প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় পশুর চিকিৎসা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তার ভুল চিকিৎসার কারণে একাধিক গবাদিপশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
মোবাইল কোর্টে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হয়। বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, তিনি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করলেও পশু চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় কোনো ডিগ্রি, নিবন্ধন বা সনদ তার নেই।
অপরাধ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে প্রাণিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধভাবে পশু চিকিৎসার মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
উপজেলা প্রতিনিধি