নিজস্ব প্রতিনিধি ফজলুল কবির :
পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রান্সফরমার চুরির ঘটনাগুলো তদন্তের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, ট্রান্সফরমারের কোর প্লেটসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি