সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির অভিযানে অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ pm
সাভারে ডিবির অভিযানে অটোরিকশাসহ ছিনতাইকারী গ্রেফতার

এইচ এম সাগর,  সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য নাজমুল হাসান নীরব (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি দেলোয়ার হোসেন দিলুর ছেলে এবং সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার বাসিন্দা।

অভিযানের সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বা সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাজমুল হাসান নীরব দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অপরাধের রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দস্যুতা মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!