এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. আ. মুত্তালিব এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ জুলাই বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোসা. মেহেরুন নেছা (২৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেরুন নেছার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আরিকোলা গ্রামে। তিনি মৃত আমির হোসেনের মেয়ে এবং মো. সজিব মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় বসবাস করছিলেন।
অভিযান চলাকালে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদক ব্যবসা বা মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রতিনিধি