নিজস্ব প্রতিনিধি ফজলুল কবির :
পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে পাবনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘পরিবেশ সুরক্ষায় আগামী প্রজন্ম’ ও ‘গাছ লাগাই, গাছ বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ, পাবনা।
রোববার সকালে পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
সমকাল পাবনা অফিসের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিক আল কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের পরিচালক মো. আব্দুস সামাদ, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহসভাপতি মাহবুবা কাজল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা উম্মে সালমা কোহিনুর এবং শিক্ষার্থী ফাতেমা খাতুন।
বক্তারা বলেন, সমকাল শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বাংলা নববর্ষে প্রজন্ম বরণ, বিজ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্যচর্চা, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এ ধরনের নানা উদ্যোগের মাধ্যমে সমকাল সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, কঠিন সময়েও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমকাল পাঠকদের আস্থা অর্জন করেছে। ফলে দল-মত নির্বিশেষে পত্রিকাটি এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি