স্টাফ রিপোর্টার ,
নবী ওয়ালিউল্লাহ
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখ মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামস্থ ঈদগাহ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালীন বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"