মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, গ্রেপ্তার-২

আব্দুল্লাহ আল মাহীদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ pm
৬৪
সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, গ্রেপ্তার-২

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবি-৫, রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সহযোগী ও এক ভ্যানচালককে সঙ্গে নিয়ে সুপারি কেনার উদ্দেশ্যে ভ্যানে করে আত্রাই হাটের দিকে রওনা দেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায় এবং একপর্যায়ে তাদের রক্তাক্ত জখম করে। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!