দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল বাইপাস মহাসড়কে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করেন নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান।
এ সময় নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আইডিতে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে রিয়ান বলেন, “দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারে আজ আমাদের বার্তা একটাই—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা চিরকাল আপসহীন। আমার নিজের পরিচিতির জন্য আলাদা কোনো পোস্টার বা ব্যানারের প্রয়োজন পড়ে না। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে রাজপথে থাকাই আমার সবচেয়ে বড় ব্যানার ও পরিচয়।”
ভিডিও বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে কোনো আপস নেই। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে আগামী দিনগুলোতেও রাজপথের লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবেন তাঁরা।
এদিকে তাঁর বক্তব্যের পর ঘটনাস্থলে উপস্থিত সমর্থকদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
তবে মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।