মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ২৬ জনের বিরুদ্ধে এজাহার, এলাকায় থমথমে পরিস্থিতি

মো গিয়াস উদ্দীন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ am
৯৫
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ২৬ জনের বিরুদ্ধে এজাহার, এলাকায় থমথমে পরিস্থিতি
গুরুতর আহত নুরুল আমিনের ছবি।

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও স্থানীয় মেম্বার নুরুল আমিনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ২৬ জনকে আসামি করে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ নভেম্বর) রাতে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আমিন মেম্বারসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহত নুরুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এই বর্বরোচিত হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

এদিকে বিএনপি নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই উখিয়ার বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং গভীর রাত পর্যন্ত এই অবরোধ অব্যাহত ছিল। একই ঘটনায় কক্সবাজার শহরেও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, রোহিঙ্গা ক্যাম্পের বাজারে দুই পক্ষের সংঘর্ষে নুরুল আমিন নামে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!