আল আমীন সরদার
ভেদরগঞ্জ ( শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মমিন আলী মোল্লার বাজারে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে বোরো ধানের চারা বেচাকেনা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে বিভিন্ন এলাকার কৃষকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনালি আঁশ পাট কাটার পর কৃষকরা জমিতে বোরো ধানের চারা রোপণের প্রস্তুতি নেন। এ সময় উন্নত জাতের ধানের চারার চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণে মমিন আলী মোল্লার বাজারে বিভিন্ন এলাকা থেকে ধানের চারা নিয়ে আসেন বিক্রেতারা।
চরভাগা ইউনিয়ন ছাড়াও উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, চর সেনসাস ও পাশের আড়শিনগর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষকরা এ বাজার থেকে ধানের চারা সংগ্রহ করছেন। প্রতিদিন শত শত কৃষক প্রয়োজন অনুযায়ী চারা কিনে নিজ নিজ জমিতে রোপণ করছেন।
কৃষকদের ভাষ্য, সঠিক সময়ে উন্নত জাতের চারা রোপণ করতে পারলে প্রায় তিন মাসের মধ্যেই ধান ঘরে তোলা সম্ভব হয়। ভালো ফলন হলে কৃষকের মুখে হাসি ফোটে এবং পরিবারের খাদ্য নিরাপত্তার পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি ঘটে।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা জানান, সময়মতো মানসম্মত চারা রোপণ ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তাই কৃষকরা আশাবাদী, এ মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে।
উপজেলা প্রতিনিধি