রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়কে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর

নিতিশ চন্দ্র বর্মন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ pm
৬
পঞ্চগড়কে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর

​নিতিশ চন্দ্র বর্মন জেলা প্রতিনিধি:

সমবায়ের শক্তির ওপর গুরুত্বারোপ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পুরুষদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কেবল বিপণনের গণ্ডি পেরিয়ে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করে দলবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে দেশকে দ্রুত একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। ​রবিবার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ​প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। ​এর আগে "করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হওয়ার পর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মেলায় বিভিন্ন সমবায় সমিতির ১২টি স্টল অংশ নিয়েছে। ​উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ​আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভায় জেলার খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ বাড়াতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের পাশে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!